সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। ছবি: সংগৃহীত
৪৭ বছর ১৬৬ দিন বয়সে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ইমরান তাহির।
বয়স ৪৭ পেরিয়ে গেলেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এখনও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই স্পিনার। এবার বল হাতে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে মাঠে নামেন তাহির। তার দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয় গায়ানা। দলের জয়ে বড় অবদান রাখার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
চার ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন তাহির। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে এই ফাইফার নেওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড নিজের করে নেন তিনি।
এই রেকর্ডের তালিকায় তাহিরের উপস্থিতি আরও উল্লেখযোগ্য। সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি ফাইফার নেওয়া ক্রিকেটারদের তালিকায় প্রথম, তৃতীয় ও পঞ্চম—তিনটি অবস্থানেই রয়েছে তার নাম।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুক আইল্যান্ডের তোমাকানুতে রিতায়া। তিনি ৪৬ বছর ২৯৯ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন। চতুর্থ স্থানে থাকা বুলগেরিয়ার প্রকাশ মিশ্রা ৪৪ বছর ৩২৩ দিন বয়সে ফাইফার পেয়েছিলেন।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে জয়ের মাধ্যমে চলতি টুর্নামেন্টে সপ্তম জয়ও পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।
১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফেলকনস। তালিকার তৃতীয় স্থানে রয়েছে জামাইকা ওয়ারিয়র্স, আর চতুর্থ অবস্থানে সেন্ট লুসিয়া কিংস।
ইমরান তাহির ফাইফার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!