যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিল না ফ্রান্স

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ PM ৫৯
ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিল না ফ্রান্স

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে এবার সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত জুনে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন। তখন ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোই একমাত্র ঘোষিত প্রার্থী ছিলেন। পরবর্তী সময়ে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন পরিকল্পনা সামনে আসার পর দেশটির অবস্থানে পরিবর্তন আসে।

ফিফার বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব নিয়ে সদস্য দেশ ও সংশ্লিষ্ট মহলে সমালোচনা তৈরি হয়। পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো জানিয়েছেন, ফ্রান্সের অবস্থান বদলের পেছনে মূল বিষয় হলো ফিফার পরিচালনব্যবস্থার ওপর তৈরি হওয়া আস্থার সংকট। তার বক্তব্য অনুযায়ী, ফিফা কীভাবে পরিচালিত হওয়া উচিত—এ নিয়ে ফ্রান্সের প্রত্যাশার সঙ্গে বর্তমান ব্যবস্থার আর সামঞ্জস্য নেই।

ইনফান্তিনোর বিনিয়োগ পরিকল্পনা নিয়েও ফ্রান্সের আপত্তি রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার সদস্য ফেডারেশনগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা ও তথ্য বিনিময় হয়নি বলে মনে করছে এফএফএফ। তাদের মতে, বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বচ্ছতা ও সম্মিলিত আলোচনার প্রয়োজন রয়েছে।

ফিফার পরিচালনব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে ফ্রেঞ্চ ফেডারেশন। কনফেডারেশন, জাতীয় ফুটবল সংস্থা, খেলোয়াড়, সমর্থক এবং সুশাসন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তারা সংস্কারের প্রস্তাব তৈরি করতে চায়। স্বচ্ছতা বাড়ানো, আস্থা ফিরিয়ে আনা এবং ফিফার স্বাধীনতা নিশ্চিত করাই এর লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।

দিয়ালো মনে করেন, পরিবর্তনের জন্য শুধু সমালোচনা যথেষ্ট নয়; বিকল্প পরিকল্পনাও সামনে আনতে হবে। তার মতে, উয়েফার উচিত পরবর্তী ফিফা নেতৃত্বের জন্য একটি কার্যকর কর্মসূচি তৈরি করা এবং এমন একজন প্রার্থী বাছাই করা, যিনি ইনফান্তিনোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

এর আগে ইংল্যান্ড, ইতালি, স্কটল্যান্ড ও ওয়েলসসহ কয়েকটি ইউরোপীয় ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। উয়েফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফও ফিফার নেতৃত্বে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। তবে দক্ষিণ আমেরিকার কনমেবল ও আফ্রিকার সিএএফ এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন বজায় রেখেছে।

ইনফান্তিনো অবশ্য ফিফা সভাপতির পুনর্নির্বাচনের দৌড়ে রয়েছেন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে নির্বাচন হওয়ার কথা। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬। ফলে নির্বাচনের আগে তার বিরোধীরা কতটা ঐক্যবদ্ধ হতে পারে এবং কার্যকর প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে পারে কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জিয়ান্নি ইনফান্তিনো

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!