বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল; ছবি: সংগৃহীত
বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ বালক হকি দলের সামনে এসেছে বিশ্বকাপে খেলার সুযোগ। ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিতে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। দলটি টুর্নামেন্টে প্রথম স্ট্যান্ডবাই হিসেবে ছিল।
আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর মিশরের ইসমাইলিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড হকি বিশ্বকাপ। বড় এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকিতে নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগও হবে।
বিশ্বকাপে বাংলাদেশের জায়গা তৈরি হয়েছে গত জুলাইয়ের এশিয়া কাপের ফলের ধারাবাহিকতায়। ওমানের মাসকাটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ। ওই প্রতিযোগিতাটিই ছিল বিশ্বকাপের বাছাইপর্ব।
এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাংলাদেশ সরাসরি জায়গা না পেলেও প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে অবস্থান করছিল। পরে বিশ্বকাপে একটি দল না থাকায় খালি হওয়া জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।
এ সুযোগে বাংলাদেশের যুব দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও কর্মকর্তাদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বকাপে অংশগ্রহণ তরুণ হকি খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে।
মিশরের ইসমাইলিয়ায় ৭ ডিসেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড হকি বিশ্বকাপ। প্রতিযোগিতাটি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
হকি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!