পশ্চিম তীরে ফিফার উদ্যোগে নির্মিত নতুন ফুটবল মাঠে শিশু-কিশোরদের খেলাধুলা; ছবি: সংগৃহীত
পশ্চিম তীরে শিশু-কিশোরদের জন্য নতুন দুটি ফুটবল মাঠ চালু করেছে ফিফা। ‘ফিফা অ্যারেনা’ কর্মসূচির আওতায় নির্মিত মাঠ দুটির লক্ষ্য হলো স্থানীয় শিশুদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগ তৈরি করা। প্রকল্পটি বাস্তবায়নে ফিফার সঙ্গে কাজ করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। অর্থায়নে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।
নতুন মাঠ দুটি পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ এবং উত্তরাঞ্চলের কুসিন এলাকায় নির্মাণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার অবকাঠামো বাড়ানোর পাশাপাশি এসব মাঠ শিশুদের জন্য নিয়মিত খেলাধুলার একটি স্থায়ী স্থান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলের বিধিনিষেধসহ নানা প্রতিবন্ধকতার কারণে শিশুদের দৈনন্দিন শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ অনেক সময় সীমিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নতুন মাঠ দুটি তাদের শারীরিক কার্যক্রম ও ফুটবল চর্চার সুযোগ বাড়াবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মাঠ দুটি ঘিরে ইতোমধ্যে পাঁচ দিনের ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’ আয়োজন করা হয়েছে। স্থানীয় ১৪টি দলের প্রায় ১৬০ শিশু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। গ্রুপ পর্বের পর পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না আয়োজনটি। শিশুদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বিভিন্ন ফুটবলভিত্তিক কার্যক্রমও রাখা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে কিডস কাপের সমাপ্তি হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতে, মাঠ নির্মাণ করাই প্রকল্পটির সাফল্যের শেষ মাপকাঠি নয়; প্রতিদিন এসব জায়গা কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। বিধিনিষেধ ও অনিশ্চয়তার মধ্যে থাকা শিশুদের জন্য খেলাধুলা এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর নিরাপদ জায়গা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
কিডস কাপ শেষ হলেও মাঠ দুটির কার্যক্রম বন্ধ হবে না। স্থানীয় শিশু ও কমিউনিটির জন্য এগুলো উন্মুক্ত থাকবে। ‘ফিফা অ্যারেনা’ প্রকল্পের অংশ হিসেবে মাঠের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!