পর্তুগাল জাতীয় দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগে দলের সাম্প্রতিক ম্যাচ ও কোচের সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।
ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে মাঠে না গিয়ে সরাসরি টিম হোটেলে ফিরে যান রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই ক্যাম্প ত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। রোনালদোর ভাষ্য অনুযায়ী, প্রধান কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
জাতীয় দলের প্রতি নিজের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে রোনালদো জানান, এভাবে ক্যাম্প ছাড়ার প্রকৃত কারণ তিনি উপযুক্ত সময়ে পর্তুগালের মানুষের সামনে তুলে ধরবেন।
রোনালদোকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সূত্রপাত হয় পর্তুগালের দুটি ম্যাচকে কেন্দ্র করে। ওয়েলসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। এরপর নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে কোচ জর্জে জেসুস পুরো ৯০ মিনিটই তাঁকে মাঠের বাইরে রাখেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় ১৮ বছর পর এমন পরিস্থিতির মুখোমুখি হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রোনালদোকে গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়। তবে কোচ জর্জে জেসুস নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, দল নির্বাচন ও কৌশল নির্ধারণের চূড়ান্ত কর্তৃত্ব কোচের কাছেই থাকবে। কোনো খেলোয়াড়ের আপত্তির কারণে সেই সিদ্ধান্তের পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
কোনো ফুটবলারকে কখন মাঠে নামানো হবে কিংবা কতক্ষণ খেলানো হবে, সেটি কোচের কৌশলগত পরিকল্পনার অংশ বলেও জোর দেন জেসুস। ফলে রোনালদোকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে কোচ ও অধিনায়কের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’র প্রতিবেদনে বলা হয়েছে, অনূর্ধ্ব-২১ দলের ম্যাচ দেখতে আজোরেসে যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে তিনি জরুরি ভিত্তিতে কোপেনহেগেনে রওনা হন।
এরপর দলের বর্তমান অবস্থান সুইডেনের মালমোতে গিয়ে জর্জে জেসুস ও রোনালদোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রোয়েন্সার। জাতীয় দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে এই বৈঠকে সমাধানের পথ খোঁজা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!