যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ব্রোঞ্জের ম্যাচেও হার, এশিয়ান গেমস থেকে পদকহীন বাংলাদেশ

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ PM ৩৮
ব্রোঞ্জের ম্যাচেও হার, এশিয়ান গেমস থেকে পদকহীন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়েও জয় পেল না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানে অলআউট হয়েছে লাল-সবুজের দল। ফলে ৬৩ রানের পরাজয়ে পুরুষ ক্রিকেটে এবারই প্রথম এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

শনিবার জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের স্পিনারদের সামনে শুরুতেই বিপাকে পড়ে তারা। চার ওভারের মধ্যেই ২১ রানে চার উইকেট হারায় লঙ্কানরা। আলিস আল ইসলাম প্রথম স্পেলে তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট নেন। তাঁর ১৮ বলের মধ্যে ১২টিই ছিল ডট। শেখ মেহেদী হাসান চার ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

তবে মাঝের দিকে এসে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলাদেশের হাতছাড়া হয়। ১৪তম ওভারে আক্রমণে আসা মুস্তাফিজুর রহমানের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে বড় রান তুলে নেয় শ্রীলঙ্কা। ওই ওভারে মোট ২৫ রান খরচ করেন বাংলাদেশের এই পেসার। এরপর সাহান আরচিগে ও থারিন্দু রত্ননায়েকে দ্রুত রান তুলতে থাকেন।

১৩ থেকে ১৮ ওভারের মধ্যে ৮৩ রান যোগ করে শ্রীলঙ্কা। এর মধ্যে মুস্তাফিজের দ্বিতীয় ওভারে ১১ এবং রিশাদ হোসেনের এক ওভারে আসে ২১ রান। শেষ দিকে থারিন্দু রত্ননায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহের ভিত্তি পায় শ্রীলঙ্কা। মুস্তাফিজের তৃতীয় ওভারে থারিন্দু ফিরলেও শেষ ওভারে সাইফ হাসান আরও দুটি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

জবাবে বাংলাদেশের ইনিংস শুরু হয় একের পর এক উইকেট হারিয়ে। প্রথম দুই ওভারেই দুই ওপেনার ফিরে যান। অধিনায়ক লিটন দাসও প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের চার ব্যাটার কোনো রান করতে পারেননি।

একপর্যায়ে দলের ব্যাটিং লাইনআপে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। নয় নম্বরে ব্যাট করতে নামা নাসুম আহমেদ সর্বোচ্চ ২৬ রান করেন। ইয়াসির আলি রাব্বি ২১ এবং পারভেজ হোসেন ইমন করেন ২০ রান। তাঁদের ছোট ছোট ইনিংসে বাংলাদেশ তিন অঙ্কের ঘরে পৌঁছালেও বড় পরাজয় এড়াতে পারেনি।

১৭ দশমিক ৩ ওভারে বাংলাদেশের সব উইকেট পড়ে যায় ১০২ রানে। শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

৬৩ রানের এই পরাজয়ের ফলে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বাংলাদেশের পদকের আশা শেষ হয়ে গেল। এর আগে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে পদক পেলেও এবার প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই আসর শেষ করল বাংলাদেশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!