শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার টেস্ট দলের নেতৃত্ব আর থাকছেন না ধনঞ্জয়া ডি সিলভা। নতুন প্রজন্মকে নেতৃত্বের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অধিনায়কত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলোয়াড় হিসেবে নির্বাচনের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন এই অলরাউন্ডার।
আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শ্রীলঙ্কার পরবর্তী টেস্ট অভিযান শুরু হওয়ার কথা। তবে ধনঞ্জয়ার জায়গায় কে অধিনায়ক হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির নির্বাচকরা।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও শ্রীলঙ্কার জন্য প্রায় শেষ। নতুন চক্র শুরুর আগে দলের নেতৃত্বে পরিবর্তন এনে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি ধনঞ্জয়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ধনঞ্জয়ার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ক্যারিয়ারের বাকি সময়ের জন্য ধনঞ্জয়াকে শুভকামনা জানাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খেলোয়াড় হিসেবে জাতীয় দলে থাকার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি।
চলতি বছরে শ্রীলঙ্কার টেস্ট পারফরম্যান্সও খুব একটা সন্তোষজনক ছিল না। দুটি টেস্ট সিরিজেই ১-০ ব্যবধানে হেরেছে দলটি। প্রথম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং পরেরটিতে নিজেদের মাঠে ভারতের কাছে পরাজিত হয় তারা।
অধিনায়ক হিসেবে ধনঞ্জয়ার রেকর্ডে রয়েছে ৭ জয়, ৮ হার ও ৩ ড্র। নেতৃত্বের দিক থেকে তার সবচেয়ে সফল সময় ছিল ২০২৪ সাল। ওই বছর বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। পরে ওভালে একটি টেস্টে জিতলেও সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কা।
তবে ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত কঠিন সময়ও পার করতে হয়েছে ধনঞ্জয়ার নেতৃত্বাধীন দলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচে হারের স্বাদ পায় শ্রীলঙ্কা।
ধনঞ্জয়ার অধিনায়কত্বের সময় শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে আরেকটি বড় আলোচনার বিষয় ছিল ম্যাচের সংখ্যা কমে যাওয়া। ২০২৫ সালের জুনে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর প্রায় এক বছর শ্রীলঙ্কার সূচিতে কোনো টেস্ট ম্যাচ ছিল না।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কার জন্য নির্ধারিত হয়েছে মাত্র ১২টি টেস্ট, যা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বনিম্ন। টেস্ট ম্যাচের এমন সীমিত সূচি বিশেষজ্ঞ ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে ধনঞ্জয়া একাধিকবার মন্তব্য করেছেন।
তার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের সঙ্গে শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেটে নেতৃত্ব কাঠামোর সাম্প্রতিক পরিবর্তনও যুক্ত হচ্ছে। চলতি বছরের শুরুতে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। চরিথ আসালঙ্কার কাছ থেকে দায়িত্ব নেওয়া মেন্ডিসকে এবার টেস্ট নেতৃত্বের জন্যও বিবেচনা করা হতে পারে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!