ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক হিসেবে ভর্তির জন্য আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অনলাইন আবেদন শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে গিয়ে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
অনলাইন আবেদন শেষ করার পর নির্ধারিত প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। এছাড়া পে-স্লিপ ডাউনলোড করেও ফি পরিশোধের সুযোগ রয়েছে।
প্রাথমিক আবেদন সম্পন্ন করার পর আবেদনকারীদের অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এ কাজের জন্য ১১ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আসনসংখ্যা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য শর্ত আলাদা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তগুলো দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!