বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ফাইল ছবি
নতুন রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। চলতি আগস্ট মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি থাকায় দলীয় সিদ্ধান্ত দ্রুত নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
বিএনপির একাধিক নেতা জানান, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে—এ বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতামতের ওপর নির্ভর করতে পারে।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হবে।
দলীয় সূত্র বলছে, সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে থাকা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আলোচনা চলছে। গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এরই অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক দেশের আগামী রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!