যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

ব্যালন ডি’অরের ইতিহাস বদলানোর পথে ইয়ামাল, ভাঙতে পারেন ২৯ বছরের পুরোনো রেকর্ড

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০২:৫৮ PM

১৭
ব্যালন ডি’অরের ইতিহাস বদলানোর পথে ইয়ামাল, ভাঙতে পারেন ২৯ বছরের পুরোনো রেকর্ড

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে লামিন ইয়ামাল এখন সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজন। মাত্র ১৯ বছর বয়সেই স্পেনকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে আলোচনায় আছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

ইয়ামালের সামনে এখন রয়েছে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের নতুন রেকর্ড গড়ার সুযোগ। ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে। বর্তমানে এই রেকর্ডটি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। ১৯৯৭ সালে ২১ বছর ৯২ দিন বয়সে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইয়ামাল এর আগে স্পেনের হয়ে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন। সেই আসরে তিনি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন। অল্প বয়সেই জাতীয় দল ও ক্লাব ফুটবলে এমন সাফল্য তাকে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।

বার্সেলোনার হয়ে ইয়ামাল ইতোমধ্যে তিনটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের মতো ট্রফি জিতেছেন। কাতালান ক্লাবটির হয়ে এখন তার অন্যতম বড় লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়।

গত মৌসুমেও দুর্দান্ত ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। লা লিগায় ১৬ গোল করার পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট। তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ইয়ামালের গোলসংখ্যা ৪৯ এবং অ্যাসিস্ট ৪৪। এত কম বয়সে এমন পরিসংখ্যান তাকে বিশ্বের সেরা তরুণ ফুটবলারদের তালিকায় শীর্ষে নিয়ে এসেছে।

বিশ্বকাপেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ইয়ামাল। পুরো টুর্নামেন্টে ড্রিবলের সংখ্যায় তার চেয়ে এগিয়ে ছিলেন শুধু লিওনেল মেসি। মেসি ২৮টি সফল ড্রিবল করলেও ইয়ামালের সংখ্যা ছিল ২৭। অন্যদিকে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও মাইকেল অলিসের মতো তারকারা এই তালিকায় অনেক পিছিয়ে ছিলেন।

চোটের কারণে বিশ্বকাপের আগে কিছুটা সমস্যায় থাকলেও টুর্নামেন্টে ধীরে ধীরে নিজের সেরা ছন্দ ফিরে পান ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বর্তমানে বাজারমূল্যেও শীর্ষ পর্যায়ে আছেন ইয়ামাল। ফুটবলারদের মূল্যায়নকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের হিসাবে তার বাজারমূল্য ২২০ মিলিয়ন ইউরো, যা বিশ্বের সর্বোচ্চ দামের খেলোয়াড়দের মধ্যে তাকে জায়গা দিয়েছে।

গত বছর ব্যালন ডি’অরে দ্বিতীয় হওয়া ইয়ামাল এবার বিশ্বকাপ ও ঘরোয়া সাফল্য নিয়ে আরও শক্ত অবস্থানে রয়েছেন। নিজের বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে তিনি শুধু রেকর্ডই ভাঙবেন না, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্যারিয়ার গড়ার পথেও এগিয়ে যেতে পারেন।

Lamine Yamal স্পেন ফুটবল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!