যুক্তরাষ্ট্র   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তান সফরের প্রস্তুতিতে ১০ সেপ্টেম্বর মিরপুরে টাইগারদের ক্যাম্প

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ PM | সর্বশেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM ১৮২
আফগানিস্তান সফরের প্রস্তুতিতে ১০ সেপ্টেম্বর মিরপুরে টাইগারদের ক্যাম্প

আফগানিস্তান সিরিজের প্রস্তুতিতে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ক্যাম্প করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত কয়েকদিনের বিশ্রাম পেলেও সামনে আবার ব্যস্ত সূচি থাকায় দ্রুতই অনুশীলনে ফিরতে হবে ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।

প্রাথমিক পর্যায়ে ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের ওপর গুরুত্ব দেওয়া হবে। এরপর শুরু হবে স্কিলভিত্তিক অনুশীলন। জাতীয় দলের পাশাপাশি নির্বাচকদের নজরে থাকা অন্য ক্রিকেটারদেরও এই ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

ভারতের সাদা বলের সিরিজটি নিশ্চিত না হওয়ায় এই সময়টাকে প্রস্তুতির কাজে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। বিদেশি কোচরা ছুটিতে থাকায় ক্যাম্পের দায়িত্বে থাকবেন দেশীয় কোচিং স্টাফরা। ক্রিকেটারদের ফিটনেস ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি সামনে থাকা আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুত করাই হবে ক্যাম্পের মূল লক্ষ্য।

অক্টোবরের শুরুতেই বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা আবার শুরু হওয়ার কথা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সফরে একটি টেস্টের পাশাপাশি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে টাইগারদের।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে খেলবে জিম্বাবুয়ে। সিরিজটি চূড়ান্ত হলেও ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়েকে এই সিরিজে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিল আফগান বোর্ড। শুরুতে দেশটি কোনো সিদ্ধান্ত না জানালেও পরে ত্রিদেশীয় সিরিজে খেলতে সম্মতি দেয়।

জানা গেছে, বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের অংশগ্রহণে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজটি হবে ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!