শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জয়ের পর ভারতীয় দল। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেনি হারমানপ্রীত কৌরের দল। ট্রফি নিতে আপত্তি ছিল না ভারতীয় দলের; আপত্তি ছিল সেটি কার হাত থেকে নেওয়া হবে, তা নিয়ে।
রোববার দুবাইয়ে ফাইনাল শেষ হওয়ার পর প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপের পুরস্কার তুলে দেন। তবে ভারতীয় দলের ট্রফি ও পদক বিতরণের সময় আর অনুষ্ঠানস্থলে ছিল না চ্যাম্পিয়নরা।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতের অবস্থান আগে থেকেই এসিসিকে জানানো হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, নাকভি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকলে তাঁর হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় দল—এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
ভারতীয় দলের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার প্রস্তাবও দেওয়া হয়েছিল। সাইকিয়া জানান, এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির হাতে ট্রফি তুলে দেওয়ার অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না হওয়ায় শেষ পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়নি ভারত।
সাইকিয়ার ভাষ্য, দেড় বছর আগে পুরুষদের এশিয়া কাপের সময় যে অবস্থান নেওয়া হয়েছিল, এবারও তার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। তাঁর দাবি, পুরুষদের এশিয়া কাপের ট্রফিও এখনো ভারত পায়নি। একই অবস্থান ধরে রাখার পেছনে বিদেশি ভাড়াটে সেনাদের হাতে নিহত ভারতীয়দের প্রতি সম্মান জানানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি।
নাকভি একই সঙ্গে এসিসির প্রধান ও পিসিবির চেয়ারম্যান। পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। এবার নারী দলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত দেখা গেল।
তবে ট্রফি গ্রহণের আনুষ্ঠানিকতা না হওয়ায় শিরোপা জয়ের আনন্দে ভাটা পড়েনি ভারতীয় শিবিরে। বিসিসিআই জানিয়েছে, তারা শেষ পর্যন্ত দুই এশিয়া কাপের ট্রফিই হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
সাইকিয়া বলেন, নারী দলের দুর্দান্ত সাফল্যে বিসিসিআই অভিনন্দন জানিয়েছে। তাঁর ভাষ্য, পুরো দেশ এই জয়ে আনন্দিত এবং ক্রিকেটারদের নিয়ে গর্বিত। কোনো একসময় দুটি ট্রফিই ভারতের হাতে ফিরে আসবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
নারী এশিয়া কাপ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!