যুক্তরাষ্ট্র   সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬,৫ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার সম্পদ নিয়ে ট্রাইব্যুনালের আদেশ, রয়েছে যেসব সম্পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ PM ৫২
শেখ হাসিনার সম্পদ নিয়ে ট্রাইব্যুনালের আদেশ, রয়েছে যেসব সম্পদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

শেখ হাসিনার নামে দেশে থাকা সম্পদের পরিমাণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার নামে প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার নামে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পদ কীভাবে বাজেয়াপ্ত করা হবে এবং পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে আইনি কার্যক্রম চলছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আইন ও বিধিতে সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে বাস্তবায়নের প্রক্রিয়াটি সাধারণ আইনের আওতায় সম্পন্ন করতে হবে।

২০২৪ সালের হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার হাতে নগদ অর্থ ছিল প্রায় ২৮ হাজার ৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার এফডিআরের তথ্য উল্লেখ করা হয়।

হলফনামায় উপহার হিসেবে পাওয়া তিনটি মোটরগাড়ির কথাও উল্লেখ ছিল। তবে এসব গাড়ির মূল্য সেখানে দেখানো হয়নি। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয়েছিল ১৩ লাখ ২৫ হাজার টাকা। আসবাবপত্রের মূল্য ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা।

শেখ হাসিনার নামে ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমির তথ্যও হলফনামায় রয়েছে। এসব জমি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছিল। জমিগুলোর ক্রয়মূল্য দেখানো হয় ৬ লাখ ৭৮ হাজার টাকা।

এছাড়া ঢাকার পূর্বাচলে তার নামে একটি প্লটের তথ্য রয়েছে। এর মূল্য দেখানো হয়েছিল ৩৪ লাখ ৭৬ হাজার টাকা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ৬ দশমিক ১০ শতক আংশিক জমিও নিজের নামে দেখিয়েছিলেন শেখ হাসিনা। ওই সম্পত্তির অর্জনকালীন মূল্য হিসেবে ৫ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।

হলফনামার হিসাব অনুযায়ী, সব মিলিয়ে শেখ হাসিনার নিজের নামে প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তবে পরবর্তী সময়ে এসব সম্পদের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা এই হিসাব থেকে জানা যায় না।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!