অভিষেকে জোড়া গোল করেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। ছবি: সংগৃহীত
বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কাতালান জায়ান্টরা।
ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় বার্মিংহাম।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় বার্মিংহাম। ৩১তম মিনিটে অগাস্ট প্রিসকের গোলে স্বাগতিক দলটি লিড নেয়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে বার্সেলোনাকে সমতায় ফেরান হামজা আবদেলকরিম। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে আবারও গোলের দেখা পান এই তরুণ ফরোয়ার্ড। গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন হামজা।
তবে বার্সেলোনার সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। আট মিনিট পর জন সোলিস গোল করে বার্মিংহামকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে বার্সেলোনার রুনি বার্গদজি ও ব্রায়ান ফারিনাস পেনাল্টি মিস করেন। অন্যদিকে বার্মিংহামের গোলরক্ষক জেমস বিডল দুর্দান্ত সেভ করে দলকে জয় এনে দেন।
হারের মধ্যেও বার্সেলোনার কোচ হানসি ফ্লিকের জন্য বড় স্বস্তির বিষয় হয়ে উঠেছেন হামজা আবদেলকরিম। অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়ে এই তরুণ ফরোয়ার্ড ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার বার্তা দিয়েছেন।
বিশ্বকাপে মিশরের হয়ে খেলা হামজা ম্যাচে নেওয়া দুই শট থেকেই দুটি গোল করেন এবং একাধিক দ্বৈরথে সফল হয়ে নজর কাড়েন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!