লামিন ইয়ামাল। ছবি: গেটি ইমেজস
ফুটবলের মাঠে গোল করার পর লামিন ইয়ামালের বিশেষ উদযাপন এখন অনেকেরই পরিচিত। দুই হাতের ভঙ্গিতে ‘৩০৪’ দেখিয়ে গোল উদযাপন করেন বার্সেলোনা ও স্পেনের এই তরুণ তারকা। কিন্তু কেন এই তিনটি সংখ্যা তার উদযাপনের অংশ?
ইয়ামালের শৈশবের বন্ধু সোহাইব জানিয়েছেন সেই গল্প। স্প্যানিশ একটি টেলিভিশন অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গে ছোটবেলার সম্পর্ক ও বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলার সময় তিনি ‘৩০৪’ উদযাপনের পেছনের ঘটনাটি তুলে ধরেন।
সোহাইবের সঙ্গে ইয়ামালের বন্ধুত্বের শুরু ছয় বছর বয়সে। দুজনের শৈশব কেটেছে রোকাফোন্ডা এলাকায়। সোহাইব জানান, ছোটবেলা থেকেই ইয়ামালের ফুটবল প্রতিভা ছিল চোখে পড়ার মতো।
শৈশবের সেই বন্ধুত্ব এখনো অটুট রয়েছে বলেও জানান তিনি। সুযোগ পেলেই তারা একসঙ্গে সময় কাটান এবং ইয়ামালকে নিজের ভাইয়ের মতো মনে করেন সোহাইব।
ইয়ামালের গোল উদযাপনের সঙ্গে যুক্ত ‘৩০৪’ সংখ্যাটি রোকাফোন্ডার পোস্টাল কোডের শেষ তিন সংখ্যার সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছে।
সোহাইবের ভাষ্য অনুযায়ী, যুবদলের একটি ম্যাচের আগে রোকাফোন্ডায় থাকার সময় ইয়ামাল মাঠে নিজের সামর্থ্য প্রমাণ করতে চেয়েছিলেন। তখনই সোহাইব তাকে ‘৩০৪’ সংকেতটি ব্যবহারের পরামর্শ দেন।
ইয়ামালের কাছে ভঙ্গিটি পছন্দ হয়ে যায়। এরপর গোল করার পর সেটিই ধীরে ধীরে তার পরিচিত উদযাপনে পরিণত হয়।
ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ খেলোয়াড়। বার্সেলোনা ও স্পেনের হয়ে নিয়মিত আলো ছড়ালেও শৈশবের বন্ধু সোহাইবের দাবি, খ্যাতি ও সাফল্য তার স্বভাবে বড় কোনো পরিবর্তন আনেনি।
ফলে ‘৩০৪’ এখন শুধু একটি উদযাপনের ভঙ্গি নয়, ইয়ামালের শৈশব ও রোকাফোন্ডার সঙ্গে তার সম্পর্কেরও একটি পরিচিত প্রতীক হয়ে উঠেছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!